অজ্ঞাত বন্দুকধারীদের ছোড়া গুলিতে খুলনার রূপসায় এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত যুবক আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।
গত শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রূপসা থানার বাগমারা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে অজ্ঞাত অস্ত্রধারীরা।
গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ওসি আব্দুর রাজ্জাক মীরকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সংঘর্ষের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। নিহতের লাশ বর্তমানে খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।