নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি ও এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, করিম বাজার ও দরবেশ বাজারের মধ্যকার একটি পাকা সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ এনে এনসিপির এক নেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। এ পোস্টের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওটিকে ভিত্তিহীন ও সম্মানহানিকর দাবি করে বিএনপি নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এনসিপির হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা অভিযোগ করে বলেন, সরকারি রাস্তার ইট-বালু ও পাথর চুরির প্রতিবাদ করায় আমাদের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ৮টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে বিএনপির সশস্ত্র ক্যাডাররা।
অন্যদিকে উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে গুজব সৃষ্টি করা হয়েছে। প্রতিবাদ করায় এনসিপি সমর্থকরা আমাদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে হামলা চালায়। এতে আমাদের প্রবীণ কর্মী সারোয়ার ও প্রতিবন্ধী সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।