রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যার সঙ্গে জড়িত প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (১০ জানুয়ারি) ভোরে গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মূল শুটার জিনাত, হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের এক সহযোগী। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকার স্টার হোটেলের পাশের গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মোসাব্বির (৪৫)। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার পর নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।