Ridge Bangla

নির্বাচনী নিরাপত্তায় দেশের ৪৮৯ উপজেলায় মোতায়েন থাকবে বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে সরকার। নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি- এই ছয়টি উপজেলা ছাড়া বাকি সব উপজেলাতেই বিজিবি দায়িত্ব পালন করবে।

বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

পরিপত্র অনুযায়ী, ভোটগ্রহণের চার দিন আগে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে নামবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।

আসন্ন এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর প্রায় ৮ লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বে থাকবেন আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৩৫ হাজার বিজিবি সদস্য।

এছাড়া নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ বজায় রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্ট গার্ডও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদান করবে।

This post was viewed: 36

আরো পড়ুন