Skip to main content

Ridge Bangla

খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক প্রকাশ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে।

বুধবার (৭ জানুয়ারি) লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছে লিখিত শোকবার্তা পাঠান তিনি।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার-পরিজনের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক বিরাট ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে শির্লি বোচাওয়ে বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন। তিন দফায় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকার স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অবদান শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য তিনি অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা পালন করেন।

This post was viewed: 58

আরো পড়ুন