Skip to main content

Ridge Bangla

শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দীর্ঘ সময় পর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ ধরনের আয়োজন করতে যাচ্ছে দলটি।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা এবং অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আমন্ত্রণপত্রের মাধ্যমে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানান বাস্তবতা ও সীমাবদ্ধতার কারণে গত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হয়নি।

এই প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। বিএনপি নেতারা মনে করছেন, এই আয়োজনের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলের পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় ভবিষ্যতে বিএনপি ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

This post was viewed: 46

আরো পড়ুন