Ridge Bangla

ফিলিপাইনে আবর্জনার ভাগাড় ধসে নিহত ১, নিখোঁজ অন্তত ৩০

মধ্য ফিলিপাইনের সেবু সিটিতে একটি ল্যান্ডফিলে বিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স ২২ বছর। এ ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সেবু সিটির বিনালিউ ল্যান্ডফিলে এই দুর্ঘটনা ঘটে। ধসের পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জন আহত পরিচ্ছন্নতাকর্মীকে উদ্ধার করেন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ল্যান্ডফিলে কর্মরত শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

সেবু সিটির মেয়র স্থানীয় গণমাধ্যম এবিএস-সিবিএনকে জানান, ধ্বংসস্তূপ এখনও অস্থিতিশীল থাকায় উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নতুন করে ধসের আশঙ্কায় অনেক এলাকায় উদ্ধারকাজ সীমিত রাখা হয়েছে।

ধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে সিটি কাউন্সিলর জোয়েল গারগানেরা বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার ফলেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তিনি ল্যান্ডফিল ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটির কথা উল্লেখ করে দ্রুত তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানান। এই দুর্ঘটনায় সেবু সিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

This post was viewed: 21

আরো পড়ুন