Ridge Bangla

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করবে বিএনপি: আমির খসরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়েই তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের পথে নেতৃত্ব দিচ্ছেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি স্কুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে, কেউ এককভাবে ক্ষমতার অধিকারী হবে না। তিনি বলেন, সকল রাজনৈতিক শক্তি ও জনগণকে সঙ্গে নিয়েই একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু বাংলাদেশ’ নির্মাণ করা হবে।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক অনন্য নেত্রী, যিনি সারাজীবন দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে গেছেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া তার জীবনের মাত্র ২৫ শতাংশ সময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ শতাংশ সময় তিনি গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন।

আমির খসরু বলেন, কোনো স্বৈরাচার বা আধিপত্যবাদের সঙ্গে আপস না করে খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমানও একজন আপসহীন নেতা হিসেবে গণতন্ত্রের মশাল হাতে এগিয়ে যাচ্ছেন এবং আগামীর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিচ্ছেন।

This post was viewed: 35

আরো পড়ুন