হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশি রাবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়।
এ সময় সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোয়াইফ্রন্ট এলাকায় সন্দেহজনকভাবে বস্তা বহন করতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারিদের ধাওয়া করে। ধাওয়া দিলে চোরাকারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, এর একদিন আগে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন ৯০ কেজি বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং বাংলাদেশি রাবার সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।