Ridge Bangla

মাদুরো গ্রেপ্তারের খবর কাভার করতে গিয়ে ১৪ সাংবাদিক আটক

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনার পর তাৎক্ষণিক পরিস্থিতি কাভার করতে গিয়ে অন্তত ১৪ জন সাংবাদিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার রাজধানী কারাকাসে এসব সাংবাদিককে আটক করা হয় বলে জানিয়েছে ভেনেজুয়েলার সাংবাদিক ইউনিয়ন।

ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, আটক সাংবাদিকদের মধ্যে একজন ছাড়া সবাই বিদেশি গণমাধ্যমে কর্মরত ছিলেন। পরে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও একজন সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলায় বিদেশি সংবাদমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে এবং খুব কম সাংবাদিককেই কাজের ভিসা দেওয়া হয়।

সাংবাদিকদের আটক করা হয় জাতীয় পরিষদ ভবন, তার আশপাশের এলাকা এবং কারাকাসের আলতামিরা এলাকায়। এর মধ্যে অন্তত দুজনকে সামরিক গোয়েন্দা সংস্থা এবং বাকিদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেন। আটক অবস্থায় তাদের ক্যামেরা, মোবাইল ফোন তল্লাশি করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা পরীক্ষা করা হয়।

এদিকে কলম্বিয়া সীমান্তেও দুই বিদেশি সাংবাদিককে সাময়িকভাবে আটক করা হয়। সাংবাদিক ইউনিয়ন ঘটনাকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে দেশে আটক থাকা আরও ২৩ সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

This post was viewed: 20

আরো পড়ুন