নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর শুরু হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরাঞ্চল সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি কিছু পারিবারিক দায়িত্ব পালনের কর্মসূচিও ছিল এই সফরের অংশ। তবে চলমান নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনের অনুরোধে সফর স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে একটি মহল নানাভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। সম্প্রতি ওসমান হাদী হত্যাকাণ্ডসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে বিএনপির নেতাকর্মীরাও নিহত হয়েছেন। এসব ঘটনা নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল আরও জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।