Ridge Bangla

ইসিতে আপিল শুনানি শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি চলবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান জানান, আপিল নম্বরের ভিত্তিতে শুনানির দিন ও সময় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে ১০ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এবং ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নয় দিনে পর্যায়ক্রমে ৬৪৫টি আপিলের শুনানি হবে। শুনানি শেষে আপিলের সিদ্ধান্ত নির্বাচন ভবনের মনিটরে প্রকাশ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

ইসি সূত্র জানায়, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হয়। শেষ দিনে একদিনেই সর্বোচ্চ ১৭৬টি আপিল জমা পড়ে। অধিকাংশ আপিলই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

নির্বাচনের তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ভোটের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

This post was viewed: 23

আরো পড়ুন