অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর প্রেমযাত্রা এখন আনুষ্ঠানিকভাবে পরিণতির পথে। ২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো মধুমিতা তাঁর প্রেমিক দেবমাল্যকে জনসমক্ষে উপস্থাপন করেছিলেন। এরপর থেকেই দুজনের পাহাড় ভ্রমণ, একসাথে সময় কাটানো কিংবা ঘরোয়া মুহূর্তগুলোর মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তারা। এবার সেই সম্পর্ককে চিরস্থায়ী রূপ দিতে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে সাজানো হবে বিয়ের আসর। মধুমিতা ও দেবমাল্য দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হবেন। ২৫ জানুয়ারি আয়োজিত হবে গ্র্যান্ড রিসেপশন, যেখানে বিনোদন জগতের বহু ব্যক্তিত্বের উপস্থিতি দেখা যেতে পারে।
মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’ সহ একাধিক বাংলা ছবিতে তাঁর অভিনয় দক্ষতার ছাপ রাখেন। তাঁর ব্যক্তিগত জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর আগে তিনি অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ২০১৯ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। সেই একই বছর দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আলাপ এবং গড়ে ওঠা সম্পর্ক এখন স্থায়ী জীবনের দিকে এগোচ্ছে।