Ridge Bangla

১৬ বছর একনায়কতন্ত্র কায়েম করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ: সালাহউদ্দিন আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৫–১৬ বছর ধরে দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম রেখেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবার বারবার গণতন্ত্র ধ্বংস করেছে। জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও এক ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর দাবি, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ নয় বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেন এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বাতিল করে।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের ওপর গণহত্যা এবং নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হত্যার অভিযোগ তুলে ধরেন তিনি।

This post was viewed: 22

আরো পড়ুন