Skip to main content

Ridge Bangla

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখনও শুরু হতে কয়েক মাস বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে তৈরি হয়েছে, যার মধ্যে ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি স্থানগুলো শেষ মুহূর্তে নির্ধারিত হবে।

লিওনেল স্কালোনির দল গ্রুপ জে-তে খেলবে এবং গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দলে গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ, তার সঙ্গে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিশ্চিতদের মধ্যে রয়েছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস।

আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে মিডফিল্ডে স্কালোনির মূল ভরসা ডি পল, পারেদেস, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার ও লো সেলসো। নতুন করে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে ও নিকোলাস পাজ।

আক্রমণভাগে মেসি খেলতে চাইলে নিশ্চিত সদস্য, তাঁর সঙ্গে আলভারেজ, লাউতারো, নিকোলাস গঞ্জালেস ও আলমাদা এগিয়ে আছেন। শেষ ছয়টি জায়গার জন্য গোলরক্ষক, রক্ষণভাগ, মিডফিল্ড ও ফরোয়ার্ড পজিশনে একাধিক খেলোয়াড়ের মধ্যে প্রতিযোগিতা চলছে। চোট ও ধারাবাহিকতার অভাবে দিবালা ও কয়েকজন তরুণ আপাতত বিবেচনায় নেই। গারনাচো ও আনহেল কোরেয়ার সুযোগ অনিশ্চিত। বিশ্বকাপের আগে সময় থাকায় চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা রয়ে গেছে।

This post was viewed: 54

আরো পড়ুন