Ridge Bangla

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ–চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেননি। বরং তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

হুমায়ুন কবির আরও জানান, বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তারেক রহমানের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে।

বিএনপি সূত্রে জানা গেছে, আলোচনায় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কূটনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এর আগে একই দিন সকালে তারেক রহমান ঢাকা-১৭ আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন।

This post was viewed: 27

আরো পড়ুন