Ridge Bangla

মারা গেছেন প্রখ্যাত পরিচালক বেলা তার

হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই খ্যাতনামা পরিচালক। মঙ্গলবার ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি শোকবার্তায় জানিয়েছে, “আমরা এক অসাধারণ শিল্পী ও পরিচালককে হারালাম, যার জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি শুধু সহকর্মীদের কাছেই পরম শ্রদ্ধেয় ছিলেন না, বরং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন অত্যন্ত সমাদৃত।”

১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সে বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। অপেশাদারি ভাবনা থেকে শুরু করা এই যাত্রা অচিরেই প্রতিভার স্বাক্ষর রেখে যায়। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’-তে তাঁর আনুষ্ঠানিক হাতেখড়ি হয়। ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’, যা তাঁর স্বতন্ত্র শৈলীর ইঙ্গিত বহন করেছিল।

বেলা তার বিশ্ব চলচ্চিত্রে ‘স্লো সিনেমা’ আন্দোলনের অগ্রদূত হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর ছবির বৈশিষ্ট্য ছিল সাদাকালো ফ্রেম, দীর্ঘ ও নাটকীয় শট, হিমবাহের মতো মন্থর গতি এবং স্বল্প সংলাপ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্যামনেশন’ চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করে। তবে ১৯৯৪ সালের সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ নির্মাণের মাধ্যমে তিনি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। ৪৪০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত।

২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসর নেন বেলা তার। তবে এরপরও তিনি নিভৃতে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণ দিতে নিয়োজিত ছিলেন। চলচ্চিত্রের সঙ্গে আমৃত্যু এক নিবিড় ও সৃজনশীল যোগাযোগ বজায় রেখেছিলেন তিনি।

This post was viewed: 18

আরো পড়ুন