চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের তল্লাশিতে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ১২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৯ হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) যৌথ তৎপরতায় অভিযানটি চালানো হয়। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান যাত্রী মো. আবু জাহেদ। রাত সাড়ে আটটার দিকে কার্গো টার্মিনালে তার ইউ ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় ভেতরে ধাতব বস্তুর সংকেত পাওয়া যায়।
পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে স্বর্ণকারের সহায়তায় অলংকারগুলোর ওজন ও বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ শেষে নিশ্চিত হওয়া যায়, ব্যাগেজে মোট ১২০ গ্রাম সোনা রয়েছে।
সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে সোনাগুলো জব্দ করা হয়। তবে এটি প্রথমবারের ঘটনা হওয়ায় যাত্রীকে মুচলেকা নিয়ে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।