খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে একটি মহল সুযোগ নিয়ে বাজার অস্থির করার চেষ্টা করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি এলপিজির দাম সমন্বয় করলেও সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার চেষ্টা করছেন।
তিনি বলেন, “অনেকে আগে থেকেই ধারণা করেছিল এলপিজির দাম বাড়তে পারে। বিইআরসি দাম কিছুটা বাড়ানোর পরই সেটিকে কেন্দ্র করে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির পরিবেশ তৈরি করা হয়েছে। এর পেছনে কোনো বাস্তব কারণ নেই, এটি সম্পূর্ণ কারসাজির ফল।”
এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার তদারকি জোরদার করতে বলা হয়েছে।