Ridge Bangla

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জোরদার করতে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য আলাদা ইনস্টিটিউশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপস্থাপিত ‘জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬–২০৫০’ পর্যালোচনাকালে তিনি এ নির্দেশনা দেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাপরিকল্পনার সার্বিক দিক তুলে ধরা হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অর্থ, বাণিজ্য ও শিল্প উপদেষ্টারা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত মহাপরিকল্পনার লক্ষ্য হিসেবে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা জোরদার, উৎপাদন ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়। এর মাধ্যমে দেশের সব মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সভায় পূর্ববর্তী তিনটি মহাপরিকল্পনার নীতিগত ঘাটতি চিহ্নিত করে তা পর্যালোচনা করা হয়। নতুন মহাপরিকল্পনা তিনটি ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে- প্রথম ধাপ ২০২৬–২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০–২০৪০ এবং তৃতীয় ধাপ ২০৪০–২০৫০ সাল। প্রথম ধাপে ‘ফার্স্ট ট্র্যাক প্রায়োরিটি প্রজেক্টস’-এর আওতায় অফশোর গ্যাস অনুসন্ধান, গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ নিরাপত্তা, রিফাইনারি সক্ষমতা ও কৌশলগত জ্বালানি মজুদ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়।

This post was viewed: 24

আরো পড়ুন