Ridge Bangla

সেন্টমার্টিন নৌরুটের পর্যটকবাহী জাহাজে একাধিক ত্রুটি, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ডিসেম্বরের শুরু থেকে সরকারের অনুমতিতে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলেও এসব যাত্রা এখন মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। কোস্টগার্ডের নেতৃত্বে গঠিত একটি যৌথ নিরাপত্তা যাচাইকারী দল নৌরুটে চলাচলকারী পাঁচটি জাহাজে অন্তত আটটি গুরুতর ত্রুটি শনাক্ত করেছে।

যৌথ দলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনপ্রাপ্ত কোনো জাহাজই শতভাগ নিরাপত্তা মানদণ্ড পূরণ করতে পারেনি। কোথাও প্রয়োজনীয় জনবল নেই, কোথাও অগ্নিনির্বাপণ ও জীবনরক্ষাকারী সরঞ্জামের ঘাটতি রয়েছে। এর ফলে চলতি পর্যটন মৌসুমে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

গত ২৭ ডিসেম্বর সেন্টমার্টিনগামী এমভি দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর ঘটনার পর প্রশাসনের তৎপরতা বাড়ে। এর পরিপ্রেক্ষিতে অনুমোদনপ্রাপ্ত সাতটি জাহাজের মধ্যে এমভি এলসিটি কাজল ও এমভি দি আটলান্টিক ক্রুজের চলাচলের অনুমতি বাতিল করা হয়। পরে ৩০ ডিসেম্বর কোস্টগার্ডের নেতৃত্বে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটিতে যৌথ অভিযান চালিয়ে নিরাপত্তা ত্রুটিগুলো চিহ্নিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ জাহাজে মিনিমাম সেইফ ম্যানিং ডকুমেন্ট নেই, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও কার্যকর ফায়ার পাম্পের ঘাটতি রয়েছে, ইঞ্জিনরুমে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অনুপস্থিত এবং নাবিকদের প্রয়োজনীয় ফায়ার ফাইটিং প্রশিক্ষণও নেই।

এ অবস্থায় নৌপরিবহন অধিদপ্তর আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলের অনুমতি বাতিল করা হবে বলে জানানো হয়েছে। জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াব জানিয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

This post was viewed: 24

আরো পড়ুন