Ridge Bangla

বৃহস্পতিবার জামায়াত–এনসিপির আসন বণ্টন চূড়ান্ত ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসছে বৃহস্পতিবার। রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এ সমঝোতা নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যেই সংশ্লিষ্ট নেতারা আনুষ্ঠানিক ঘোষণার কথা জানিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসিন জানান, উভয় দলের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং আসন বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার প্রকাশ করা হবে। তিনি বলেন, নির্বাচনে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি সমন্বিত অবস্থান নেওয়ার লক্ষ্যেই এ আলোচনা এগোচ্ছে।

এর আগে একই দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, জামায়াত এনসিপিকে ১০টি আসন ছেড়ে দিচ্ছে- এমন তথ্য সঠিক নয়। তিনি এ বিষয়ে প্রচারিত খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, আসন বণ্টন নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নিয়েও আলোচনা চলছে। দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, ইসলামী আন্দোলন ১১ দলীয় জোটের সঙ্গেই রয়েছে এবং নির্বাচনী জোটগত সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয়ের অংশ হিসেবেই বৃহস্পতিবার আসন বণ্টন সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

This post was viewed: 22

আরো পড়ুন