Ridge Bangla

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু

দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানি শুরু হচ্ছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্টের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুনানি শুরু হবে এবং মূলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলবে।

মামলাটি অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল একসঙ্গে শুনানি হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা। ঘটনার চার মাস পর, ১৩ ডিসেম্বর র‍্যাব ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে সিনহার হত্যাকে ‘পরিকল্পিত’ উল্লেখ করা হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলার রায় ঘোষণা করেন।

This post was viewed: 40

আরো পড়ুন