Ridge Bangla

জুলাই গণঅভ্যুত্থান: ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও ৮ শহীদের পরিচয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতপরিচয় শহীদদের পরিচয় উদঘাটনে মরদেহ উত্তোলন ও বৈজ্ঞানিক পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিআইডি। এর অংশ হিসেবে মোট ১১৪টি মরদেহ উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে নতুন করে আটজন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

শনাক্ত হওয়া শহীদরা হলেন ফয়সাল সরকার, পারভেজ বেপারী, রফিকুল ইসলাম (৫২), মাহিম (২৫), সোহেল রানা, আসানুল্লাহ, কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম (২৯)।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়। সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, গত বছরের ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে একটি অস্থায়ী মর্গ স্থাপন করে মরদেহ উত্তোলন ও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি মরদেহ উত্তোলনের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ফরেনসিক চিকিৎসকেরা ময়নাতদন্ত পরিচালনা করেন। এ ছাড়া সিআইডির ফরেনসিক ডিএনএ ও কেমিক্যাল ল্যাবরেটরির মাধ্যমে প্রয়োজনীয় বৈজ্ঞানিক নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।

এ পর্যন্ত অজ্ঞাত শহীদদের পরিবার ও স্বজনদের কাছ থেকে নয়টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার সঙ্গে মিলিয়ে ইতোমধ্যে আটজন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। সিআইডি জানিয়েছে, অবশিষ্ট অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর শনাক্তকরণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন