বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ ও পরকীয়ার জল্পনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দীর্ঘদিন নীরব থাকার পর সম্প্রতি একটি পডকাস্টে তিনি প্রথমবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। ক্যারিয়ার প্রসঙ্গের পাশাপাশি ব্যক্তিজীবনের এই সমালোচনার জবাব দিয়ে পরমব্রত জানান, বিষয়টি নিয়ে যে কটাক্ষ ও বিতর্ক হয়েছিল, সে বিষয়ে তাঁর অবস্থান।
পরমব্রত বলেন, বিয়ের পর সামাজিক মাধ্যমে তাকে এবং পিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা তাকে বেশ হতবাক করে দিয়েছিল। তিনি বলেন, ‘আমি বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছি। আমি দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে কী মনে করি, অর্থাৎ সমাজ, রাজনীতি নিয়ে আমার কী ধারণা, তা শেয়ার করে কাজ নেই। কারণ আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না। যেটা আমার কাজ, আমি সেই মতামত আমার নিজের কাছে রাখি। আর যদি তা নিয়ে লিখি, তাহলে কমেন্ট অফ করে দেব আর দেখবই না।’
অভিনেতা আরও বলেন, ‘বিয়ের পর যখন দেখলাম একটা বীভৎস কাণ্ড শুরু হলো, তখন কিছুদিনের জন্য ওই সব আমার ওপর প্রভাব ফেলেছিল, মোটামুটি চার-পাঁচ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লেখে বা লিখতে পারে, একটি পাবলিক ফোরামে, সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি। ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল। আমাকে বলেছে বলে নয়, কিন্তু এই কথাগুলো লেখা যায়? এখানে নেমেছে? এতটা? কিন্তু নেমেছে, আমি কী করব? আমার কিছু করার নেই। তখন থেকে গণ্ডারের চামড়া তৈরি করি।’
উল্লেখ্য, ২০১৫ সালে গায়ক অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পিয়া অভিনেতা পরমব্রতের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং ২০২৩ সালের নভেম্বরে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। পরে অনুপম রায় গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন। এরপর ধীরে ধীরে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।