Ridge Bangla

নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনি দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ কর্মশালা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। তাই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার ২৩তম ব্যাচ পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে প্রায় ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 20

আরো পড়ুন