Skip to main content

Ridge Bangla

শৈত্যপ্রবাহে ১২টি জেলা, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

সারাদেশে কনকনে শীত ও ঘন কুয়াশার দাপটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও এক ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় নতুন করে দেশের ১২টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মচাঞ্চল্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলা ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও দিনাজপুরে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় ঘন কুয়াশার কারণে ৫০ থেকে ১০০ মিটারের বেশি দূরত্ব দেখা যাচ্ছে না। এতে সড়ক ও নৌপথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে রোববার মধ্যরাতে ফেরি চলাচল স্থগিত করা হয়, যা সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়। এ সময় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে- ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে- ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কমেনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে। আগামী দু-একদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কুয়াশা কাটার সম্ভাবনা কম।

This post was viewed: 45

আরো পড়ুন