Ridge Bangla

‘বউ-শাশুড়ি ঝগড়া’ মার্কা ভারতীয় নাটক সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে: সোহেল রানা

বাংলাদেশি ক্রিকেট তারকা মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে বর্ষীয়ান অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ৯ দশমিক ২০ কোটি রুপিতে কিনলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি এবং মৌলবাদী হিন্দু গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে বিসিসিআই ৩ জানুয়ারি মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে দল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান গ্রহণ করে। একই শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি প্রদান করে।

This post was viewed: 19

আরো পড়ুন