ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সম্পদ কাজে লাগাতে মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এএফপি এ খবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশের বিশাল সব তেল কোম্পানিকে ভেনেজুয়েলায় পাঠাব। সেখানে তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করবে এবং দেশটির ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে, আর এর মাধ্যমে তারা ওই দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।’
তবে তিনি এটিও স্পষ্ট করে দিয়েছেন যে ভেনেজুয়েলার তেলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এখনই উঠছে না এবং এটি পুরোপুরি বহাল থাকবে। ২০১৭ সালে ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় এবং এর দুই বছর পর দেশটির তেলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পরামর্শক প্রতিষ্ঠান ‘শোর্ক গ্রুপ’-এর বিশ্লেষক স্টিফেন শোর্ক গত মাসে এএফপি-কে বলেন, ‘ভেনেজুয়েলার তেল ছাড়াও যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে আছে।’