Ridge Bangla

দক্ষিণী সুপারস্টার বিজয়কে তদন্তকারী সংস্থার তলব

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থলপতি বিজয় আবারও তদন্তের মুখে পড়েছেন। তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্রি কাজাগামের এক রাজনৈতিক সমাবেশে গত সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ওই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে গত অক্টোবরে সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়।

তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় সংস্থা দক্ষিণী সুপারস্টার বিজয়কে আগামী ১২ জানুয়ারি হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছে।

কারুরের ওই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাদ্রাজ হাই কোর্ট বিজয়ের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছে এবং তাকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তীব্র বিতর্ক চলছে। বিশেষ করে বিজেপির একাংশ এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ এবং এর পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

ঘটনার পর চাপের মুখে বিজয় নিহতদের পরিবারগুলোর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তিনি নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ টাকা এবং আহতদের জন্য ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

তবে এত কিছুর পরও কারুরের ওই ‘অভিশপ্ত’ মিছিলের ছায়া এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে বিজয় কী বক্তব্য দেন, সেদিকেই এখন বিনোদন জগত ও রাজনৈতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন