Ridge Bangla

অস্ত্র ও গুলিসহ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির (২৮) নামের এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে নগরীর লালখান বাজার থেকে টাইগারপাস অভিমুখী সড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আবু তাহের কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল লালখান বাজার এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মনিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। তার নামে কোতোয়ালী, বাকলিয়া ও রেলওয়ে থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতিসহ দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ওসি আরও জানান, মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে একটি মামলা দায়ের করে সোমবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

This post was viewed: 25

আরো পড়ুন