Ridge Bangla

আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্কে মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে উপস্থিত হয়ে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন। একই সঙ্গে তার স্ত্রী ও ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ট্রাম্প প্রশাসনের আমলে আনা অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলায় মাদুরোর বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে চলা একটি তথাকথিত ‘মাদক-সন্ত্রাসী নেটওয়ার্ক’ পরিচালনার অভিযোগ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের পরিকল্পনা ও বাস্তবায়নের কথা বলা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, সশস্ত্র গোষ্ঠী ও ভেনেজুয়েলার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মাদুরো রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে মাদক পাচারে সহায়তা করেছেন।

আদালতে বিচারক তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে অবহিত করলে মাদুরো ও সিলিয়া ফ্লোরেস উভয়েই কনস্যুলার সাক্ষাতের আবেদন জানান। তবে আপাতত তারা কেউই জামিনের আবেদন করেননি। বর্তমানে দুজনই নিউইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

মাদুরো আদালতে দাবি করেন, তাকে কারাকাসে নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের ‘অপহরণ’ হিসেবে আখ্যা দেন। তার আটকের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

This post was viewed: 24

আরো পড়ুন