নিজ বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। রাজশাহীর বাঘা উপজেলায় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক একটার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে ঘটনাটি ঘটে।
নিহত যুবক ওই এলাকার বাসিন্দা কালু মন্ডলের ছেলে সোহেল রানা (৩৫)। গোলাগুলির ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তার আহত স্ত্রী ও মেয়েকে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বাড়ির টিনে বারবার আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এলাকাবাসী এগোতে চাইলে হামলাকারীরা গুলি করার হুমকি দেয়। পরে তারা ঘরের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেল রানার পেটে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার স্ত্রী ও কন্যা আহত হন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই হামলা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।