সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। গভীরতার কারণে কম্পনের প্রভাব তুলনামূলকভাবে কম হলেও বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে তা স্পষ্টভাবে অনুভূত হয়।
সিলেট নগরী ও আশপাশের উপজেলাগুলো ছাড়াও দেশের কয়েকটি স্থানে হালকা কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা জানান। ফেসবুকে দেওয়া পোস্টে অনেকে জানান, ভোররাতে হঠাৎ করে কম্পন শুরু হলে দরজা-জানালা ও আসবাবপত্র কেঁপে ওঠে, যা কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি করে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।