Ridge Bangla

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে দিয়েছে যে, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে।

আজ রোববার (৪ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে- নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী- সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

ঢাকার তাপমাত্রা সামান্য কমেছে। আজ সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল তা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, গতকালের তুলনায় আজ রাজধানীতে শীতের প্রকোপ খানিকটা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ দিনের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, কিন্তু রাতের তাপমাত্রা কমে যেতে পারে। আজ থেকে আগামী দুই-এক দিন সারা দেশের তাপমাত্রা কমতে পারে। ৭ জানুয়ারিতে তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবং ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা অনেকাংশে নির্ভর করে কুয়াশার ওপর। কুয়াশা বেশি হলে তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বাড়তে পারে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

This post was viewed: 23

আরো পড়ুন