Ridge Bangla

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশের ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকার তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে কমিশন।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো ইসির এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ অত্যন্ত জরুরি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩২৫টি কেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে আলো, ইভিএম বা অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছে কমিশন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন এবং তার আগের প্রস্তুতি পর্বে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে ভোটগ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই নির্বাচনের আগেই সংশ্লিষ্ট সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ দ্রুত সম্পন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন