মৌলভীবাজার জেলায় হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, ফলে শীতের তীব্রতা বেড়েছে এবং জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার এখানে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই আকস্মিক পতনের সঙ্গে সঙ্গে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শীতের প্রভাবে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করছে। কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা জানান, যেখানে এক ঘণ্টার পথ, সেখানে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
ভোর ও সকালে কনকনে ঠান্ডা বাতাস এবং দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চা বাগানের লক্ষাধিক শ্রমিক চরম দুর্ভোগে পড়েছেন। অনেক শ্রমিক শীত উপেক্ষা করে কাজে বের হলেও স্বাভাবিক কর্মগতি ব্যাহত হচ্ছে।
এদিকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চা বাগান, হাওর এলাকা ও পাহাড়ি জনপদ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কম থাকতে পারে এবং শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।