Ridge Bangla

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম পোর্ট শাখা ও ঢাকার প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে এ অপরাধ সংঘটিত হয়। মামলায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উঠে আসে, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট লিমিটেডের এক কর্মকর্তাকে ব্যবসায়ী সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা হয়। যাচাই-বাছাই ছাড়াই ওই হিসাবে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের যৌথ কমিটির ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়।

ঋণ বিতরণের পর অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে একাধিক কাগুজে প্রতিষ্ঠানের হিসাবে টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেই অর্থ আরামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে পূর্বের দায় সমন্বয়ে ব্যবহার করা হয়। এছাড়া প্রায় সাড়ে ৯ কোটি টাকা নগদ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগও রয়েছে।

দুদক সূত্র জানায়, এ ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী ছাড়াও তার স্ত্রী, ইউসিবি পিএলসি’র সাবেক চেয়ারম্যান এবং ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

This post was viewed: 30

আরো পড়ুন