Ridge Bangla

গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মৎস্য সম্পদ সংরক্ষণে যৌথ বাহিনীর অভিযানে প্রায় এক কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। শনিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর অংশ নেয়।

রোববার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ আশপাশের এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, প্রায় ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের পর গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সব অবৈধ জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে। মৎস্য আইনের আওতায় এসব জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

কোস্ট গার্ড জানায়, অবৈধ জাল ব্যবহারের কারণে মাছের প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের মৎস্য খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মৎস্য সম্পদ রক্ষা এবং জেলে সমাজকে সচেতন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 32

আরো পড়ুন