Ridge Bangla

ঢাবির হলে ভারতের খেলা সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদ ভারতের মাটিতে আয়োজিত সকল ক্রিকেট ম্যাচের সম্প্রচার ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

হল সংসদের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। হল সংসদের ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ এই ঘোষণায় স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, মোস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছে। হল সংসদের প্রতিনিধিদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্ত খেলাধুলার মূল চেতনা ও সৌহার্দ্যের পরিপন্থী।

একই সঙ্গে, এই প্রতিবাদের অংশ হিসেবে হল সংসদ ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও তা নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্তৃপক্ষের প্রতি ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ পুনর্বিবেচনা করারও অনুরোধ জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই প্রতিবাদী পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

This post was viewed: 29

আরো পড়ুন