আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এই কমিটিতে দেশের প্রখ্যাত সংগীতশিল্পী মনির খানকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে প্রচারিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। আর এই কমিটির সদস্য তালিকায় সংগীতশিল্পী মনির খানের নাম যুক্ত করা হয়েছে।
মনির খান দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। বিভিন্ন সময়ে প্রদত্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর ছাত্রজীবন থেকেই তিনি দলটির সঙ্গে জড়িত। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়েও তিনি দলের সক্রিয় কর্মী হিসেবে ভূমিকা রেখেছেন। এই ধারাবাহিকতায় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে লন্ডন সফরে যাওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক মনির খানের সাক্ষাৎ হয়েছিল।