Ridge Bangla

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য যুক্তরাষ্ট্রের চালানো নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণহানির সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। অভিযানের সময় রাজধানী কারাকাসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন বাহিনী নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক সামরিক অভিযান চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এ অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। এসব বিমান থেকে নির্ভুল হামলার মাধ্যমে ভেনেজুয়েলার রাডার ও আকাশ প্রতিরক্ষা ঘাঁটিগুলো নিষ্ক্রিয় করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে।

এরপর হেলিকপ্টারে করে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। শনিবার ভোরে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পরপরই দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে সহিংসতা দেখা দেয়।

নিহতের সঠিক সংখ্যা কিংবা অভিযানের পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাওয়া হলে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন’ হিসেবে বর্ণনা করেছেন।

This post was viewed: 26

আরো পড়ুন