ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ বাজার অতিক্রম করে বড়দাহ পুরাতন ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে সরাসরি কুমার নদীতে পড়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই ট্রাকটি নদীর পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শৈলকূপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর রোববার ভোরে ট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে চালকসহ অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে একজন মুবারক হোসেন এবং অপরজন ট্রাকচালক সোহেল শেখ বলে নিশ্চিত করেছে পুলিশ। তাঁদের দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।