বলিউডের খলনায়ক চরিত্রে স্মরণীয় অভিনেতা আশিস বিদ্যার্থী সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী রূপালী বিদ্যার্থীসহ আহত হয়েছেন। গুয়াহাটির জু রোডে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল ছিল গীতানগর এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ রেস্টুরেন্টের সামনে। একটি দাওয়াত থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। ধাক্কায় উভয়েই ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মোটরসাইকেল চালকরাও এ ঘটনায় আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে গীতানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশিস বিদ্যার্থীর অনুরাগীরা ঘটনা জানার পর উদ্বেগ প্রকাশ করতে থাকেন। শনিবার সকালে আশিস একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে নিজের স্বাস্থ্য অবস্থা জানান।
ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী বলেন, “আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তাঁর জ্ঞান ফিরেছে।”
আশিস বিদ্যার্থী একজন ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি ও বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি তাঁর খলনায়ক চরিত্রের অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৫ সালে ‘দ্রোহকাল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।