Ridge Bangla

মার্কিন বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে কারাকাস ও আশপাশের এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র দেশটির সামরিক স্থাপনা ছাড়াও কয়েকটি বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

ভেনেজুয়েলার সরকারি সূত্রের দাবি, এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থা ঘোষণার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আগ্রাসন চালাচ্ছে। তিনি একে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হামলা হিসেবে উল্লেখ করেন।

মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানায়, “ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে সরকার। এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা বিশ্ববাসীর কাছে এই আগ্রাসনের আনুষ্ঠানিক অভিযোগ জানাচ্ছি এবং একে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের নির্দেশে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা হুমকি বিবেচনায় নিয়ে সামরিক অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

This post was viewed: 29

আরো পড়ুন