বগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রে কোনো অনিয়ম না পাওয়ায় এটি বৈধ বলে ঘোষণা করেন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এই সিদ্ধান্ত জানানো হয়। রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, দাখিলকৃত কাগজপত্র ও হলফনামা পর্যালোচনা করে তারেক রহমানের মনোনয়নের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত সব শর্ত পূরণ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
একই সময়ে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় দলিলপত্র যথাযথ থাকায় কোনো আপত্তি ওঠেনি।
তবে এ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আয়কর রিটার্ন দাখিল না করায় নির্বাচন আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধতার শর্ত পূরণ করেনি। ফলে যাচাই-বাছাই পর্যায়েই তার প্রার্থিতা বাতিল করা হয়।