Ridge Bangla

পঞ্চগড়ে এনসিপির সারজিস আলমের মনোনয়ন বৈধ, বাতিল ৭ জন প্রার্থীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুটি আসনে দাখিল করা ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ এবং ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে দাখিল করা ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান এবং বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান। এ আসনে ত্রুটি থাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী আল রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়।

পঞ্চগড়-২ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপির ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর সফিউল আলম, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন। অপরদিকে, এ আসনে জাগপা, জাতীয় পার্টি, সিপিবি, এলডিপি ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জনের মনোনয়ন ত্রুটির কারণে বাতিল হয়েছে।

This post was viewed: 28

আরো পড়ুন