Ridge Bangla

আজ থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের প্রচার ও বিপণনের লক্ষ্যে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিসিএফইসি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের তারিখ পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। দর্শনার্থীদের সুবিধার জন্য চালু করা হয়েছে আধুনিক ই-টিকিটিং ব্যবস্থা। অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। পাশাপাশি সরাসরি মেলা প্রাঙ্গণেও অন-স্পট টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু রাখা হয়েছে। একই সঙ্গে কনসেশনাল ভাড়ায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর সেবাও যুক্ত করা হয়েছে, যা মেলায় আগতদের যাতায়াতে বাড়তি স্বস্তি দেবে।

উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাচলের বিসিসিএফইসি প্রাঙ্গণে আধুনিক ব্যবস্থাপনায় মেলাটি আয়োজন করা হচ্ছে।

This post was viewed: 23

আরো পড়ুন