জাপানের সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়লেও নারী টয়লেটের স্বল্পতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ বিষয়ে সরাসরি উদ্যোগ নিয়েছেন। সংসদ ভবনে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেটের দাবিতে করা এক আবেদনে তিনি স্বাক্ষর করেছেন। আবেদনে স্বাক্ষরকারী নারী এমপির সংখ্যা প্রায় ৬০ জন।
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে রেকর্ড ৭৩ জন নারী এমপি নির্বাচিত হন, যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। তবে সংসদের মূল অধিবেশন কক্ষের কাছে মাত্র একটি নারী টয়লেট থাকায় নিয়মিত দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। বিরোধী দলের এমপি ইয়াসুকো কোমিয়ামা বলেন, অধিবেশন শুরুর আগে অনেক নারী এমপি টয়লেটে যাওয়ার চেষ্টা করেও ভোগান্তিতে পড়েন।
জাপানের সংসদ ভবনে পুরুষদের জন্য যেখানে ১২টি টয়লেট রয়েছে, সেখানে নারীদের জন্য রয়েছে মাত্র নয়টি। বিষয়টিকে অস্বস্তিকর উল্লেখ করে কোমিয়ামা বলেন, “নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করতে হলে অবকাঠামোগত পরিবর্তন জরুরি।”
পূর্ব এশিয়ার উন্নত এই দেশটিতে সংসদে নারীদের জন্য এই অসুবিধার বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। এর ফলে পদক্ষেপ নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী।