Ridge Bangla

মেক্সিকোয় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত, নিহত ২ জন

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণাঞ্চল ও প্রশান্ত মহাসাগর উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে রাজধানীসহ আশপাশের অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর জাতীয় ভূকম্প গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের কম্পন রাজধানী মেক্সিকো সিটিতে স্পষ্টভাবে অনুভূত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কম্পনের সময় একটি অ্যাপার্টমেন্ট ভবনের দ্বিতীয় তলা থেকে বের হতে গিয়ে পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম রাজধানীর ন্যাশনাল প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিং চলাকালে সতর্কতা অ্যালার্ম বেজে উঠলে প্রেসিডেন্টসহ উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভবনটি ত্যাগ করেন।

This post was viewed: 26

আরো পড়ুন